গণমাধ্যমের গত ১৫ বছরের পচন ঠেকাতে ঐক্যবদ্ধ লড়াই জরুরি


Rajib Sen Prince প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন /
গণমাধ্যমের গত ১৫ বছরের পচন ঠেকাতে ঐক্যবদ্ধ লড়াই জরুরি

দেশে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি শক্তিশালী ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের শীর্ষ নেতারা।

দেশের প্রধান দুই প্রেস ক্লাবের নেতারা মনে করছেন, গণমাধ্যমের হারানো গৌরব ও পেশাগত মর্যাদা ফিরিয়ে আনতে দেশজুড়ে সাংবাদিকদের এই ঐক্য এখন সময়ের দাবি।

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দুই ক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

যৌথ সভায় গত দেড় দশকের গণমাধ্যমের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে বক্তারা বলেন, “গত ১৫ বছরে দেশের গণমাধ্যম পচে-গলে একপ্রকার ধ্বংস হয়ে গেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে দ্রুত বেরিয়ে আসতে চাই।

আর এজন্য দেশের সব স্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে যেকোনো সংকট মোকাবেলা করে সফল হওয়া সম্ভব।

দুঃখজনক হলেও সত্য, এখনো আমরা পেশাগত অধিকার রক্ষায় যা করছি, তা একান্তই ব্যক্তিগত উদ্যোগে করছি। প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফেডারেশন গঠন জরুরি।”

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, “বিগত জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হয়েছে বলেই আজ আমরা এভাবে মুক্ত বাতাসে ঐক্যবদ্ধভাবে যৌথ সভা করতে পারছি।

তাই জুলাইয়ের শহীদ ও সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করা চলবে না।

একই সঙ্গে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিরুদ্ধে আমাদের সবাইকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে সাংবাদিক সমাজকে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

যৌথ সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

সভায় জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি দলের পক্ষে আরও বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীন এবং সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।

অন্যদিকে, চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন প্রেস ক্লাবের উপদেষ্টা এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর এবং কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

সভায় উপস্থিত সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত এই ফেডারেশন দেশের বিভাগীয় শহরগুলোর সাংবাদিকদের মধ্যে সমন্বয়হীনতা দূর করে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম গঠনে মাইলফলক হিসেবে কাজ করবে।