রোমে রক্তাক্ত ট্র্যাজেডি: বাংলাদেশি পরিবারের তিনজনকে ছুরিকাঘাতে হত্যা


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন /
রোমে রক্তাক্ত ট্র্যাজেডি: বাংলাদেশি পরিবারের তিনজনকে ছুরিকাঘাতে হত্যা

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ জুন) রাতে রোমের উপকণ্ঠ ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন পরিবারের ২০ বছর বয়সী বড় ছেলে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ইতালীয় সংবাদমাধ্যম ইকোলো দ’ইতালিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী বাবা, ৩৮ বছর বয়সী মা এবং তাঁদের মাত্র পাঁচ বছর বয়সী কন্যাসন্তান।

তদন্তের স্বার্থে ইতালীয় কর্তৃপক্ষ এখনো তাঁদের পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও শোরগোলের শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের তিন সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

একই ঘটনায় গুরুতরভাবে আহত হন দম্পতির ২০ বছর বয়সী বড় ছেলে। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন থাকলেও আঘাত প্রাণঘাতী নয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার পরপরই হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ব্যাপক অভিযান শুরু করেছে ইতালীয় পুলিশ।

হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহে কাজ করছে রোম পুলিশের গোয়েন্দা বিভাগ (স্কোয়াড্রা মোবাইল) ও ফরেনসিক বিশেষজ্ঞ দল।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি কোনো চুরি বা ডাকাতির ঘটনা নয়। তদন্তকারীরা মনে করছেন, হামলাকারীর সঙ্গে ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচয় থাকার সম্ভাবনা রয়েছে।

ফলে ব্যক্তিগত বিরোধ, শত্রুতা কিংবা অন্য কোনো উদ্দেশ্য এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করেছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিহতদের স্বজন, বন্ধু ও পরিচিতজনদের পাশাপাশি রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোমের বাংলাদেশি কমিউনিটিতে এ ঘটনায় নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ।

একটি পরিবারের তিন সদস্যের এমন নির্মম মৃত্যু ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন কমিউনিটির সদস্যরা।

পুলিশ বলছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে হত্যার রহস্য উন্মোচন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।