
কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তির উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন কাতারের জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি।
রোববার সন্ধ্যায় বারজান গ্যাস সরবরাহকেন্দ্রের পরিচালন কার্যক্রম শুরুর সময় এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুরো শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মরত ব্যক্তিদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণের পরপরই আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে।
খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করে।
এক সংবাদ সম্মেলনে সাদ বিন শ্রেদা আল-কাবি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনা করা হয়েছে।
স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তানজানিয়া, কেনিয়া, নাইজেরিয়া, গিনি এবং কাতারের নাগরিক রয়েছেন।
তবে নিহত ১৩ জনের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ও নিখোঁজদের পরিবারের সহায়তায় বিশেষ যোগাযোগসেবা চালু করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তারা কাতার সরকারের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কাতার এনার্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সরবরাহকেন্দ্রের কার্যক্রম চালুর সময় কোনো কারিগরি ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার ফলে এ বিস্ফোরণ ঘটতে পারে।
তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ, হতাহতের বিস্তারিত তথ্য এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যাবে।
এর মধ্যে শিল্পনগরীর নিরাপত্তা ও পরিচালনব্যবস্থা পর্যালোচনার উদ্যোগও নেওয়া হয়েছে।






















আপনার মতামত লিখুন :