ড্রেনের ওপর দোকান, জলাবদ্ধতার শঙ্কা: দখলমুক্ত করার ঘোষণা সিডিএর


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন /
ড্রেনের ওপর দোকান, জলাবদ্ধতার শঙ্কা: দখলমুক্ত করার ঘোষণা সিডিএর

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কোয়াইশ সড়কে ফুটপাত ও ড্রেন দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

তিনি বলেছেন, ফুটপাত ও পানি চলাচলের পথ দখল করে জনভোগান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২২ জুন) সড়কটির সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দখলমুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে বেলায়েত হোসেন বলেন, ড্রেনের প্রবেশমুখ ময়লা-আবর্জনা ও অবৈধ স্থাপনার কারণে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গেছে।

কোথাও কোথাও ড্রেন ঢালাই করে দোকানের ভেতরে নিয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে।

সিডিএ সূত্র জানায়, সোমবার সকালে অক্সিজেন-কোয়াইশ সড়ক পরিদর্শনের সময় চেয়ারম্যান ফুটপাতে অবৈধভাবে বসানো বেশ কয়েকটি দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

এ সময় তিনি দখলদারদের সতর্ক করে বলেন, ফুটপাত দখলের কারণে চার লেনের সড়কের কার্যকর প্রস্থ কমে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বেলায়েত হোসেন বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন করা এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করা হবে।

কেউ ড্রেনে ময়লা ফেললে কিংবা দোকানের সামনের অংশ অপরিচ্ছন্ন রাখলে জরিমানার আওতায় আনা হবে।

তিনি স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও শিক্ষার্থীদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে ময়লা না ফেলার বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরিদর্শনের সময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও সচিব মাহবুবউল করিমকে অবৈধভাবে দখল করা ড্রেন উদ্ধার, প্রয়োজনীয় স্থানে স্লাব স্থাপন এবং অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন চেয়ারম্যান।

এ ছাড়া তিনি সড়ক সংস্কারকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মানও পরিদর্শন করেন।

পরে অনন্যা আবাসিক এলাকা পরিদর্শন করে কোয়াইশ প্রান্তে একটি পানির ফোয়ারা স্থাপনের উদ্যোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।