
বাংলাদেশের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ বরাবরই হাস্যরস, বন্ধুত্ব আর নিত্যদিনের নানা ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের বিনোদন দিয়ে আসছে।
বর্তমানে নাটকটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে। এরই মধ্যে ১২টি চ্যাপ্টার সম্প্রচার হয়েছে এবং প্রতিটি চ্যাপ্টারে রয়েছে আটটি করে পর্ব।
তবে এবার আসছে এমন এক চমক, যা শুধু নাটকের দর্শকদের নয়, ফুটবলপ্রেমীদেরও বাড়তি উচ্ছ্বাসে ভাসাবে।
চলমান বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নির্মিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’–এর ১৩তম চ্যাপ্টার।
আর এই বিশেষ আয়োজনে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াইকে কেন্দ্র করেই সাজানো হয়েছে নতুন গল্প।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ খবর জানিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
এক বার্তায় তিনি লেখেন, “আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।”
ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে নতুন চ্যাপ্টারের পোস্টারও। সেখানে দেখা যায়, দুই দলের জার্সিতে সেজেছেন ধারাবাহিকটির জনপ্রিয় মুখগুলো।
ব্রাজিলের হলুদ জার্সিতে রয়েছেন জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল এবং শামীম হাসান সরকার।
অন্যদিকে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা গেছে তৌসিফ মাহবুব, চাষী আলম ও মারজুক রাসেলকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, মূল ম্যাচে দুই দলে সাতজন করে খেলোয়াড় অংশ নেবেন।
শুধু তাই নয়, ধারাবাহিকটির আরও অনেক পরিচিত শিল্পীও এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন।
ফলে নাটকের পর্দায় যাদের একসঙ্গে দেখা যায়, তাদের মাঠের লড়াইও উপভোগ করতে পারবেন দর্শকরা।
এবারের চমক এখানেই শেষ নয়। প্রতি চ্যাপ্টারের মতো এবারও অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গতে আগাম বুকিংয়ের ব্যবস্থা রাখা হবে।
তবে বিশেষ এই চ্যাপ্টারের ক্ষেত্রে থাকছে বাড়তি আকর্ষণ। যারা ১৩তম চ্যাপ্টার দেখার জন্য আগাম বুকিং করবেন, তাদের মধ্য থেকে নির্বাচিত ১০০ জন দর্শক সরাসরি মাঠে বসে ব্রাজিল-আর্জেন্টিনার এই অভিনব ম্যাচ দেখার সুযোগ পাবেন।
এ খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।
নির্মাতার পোস্টের মন্তব্যঘর ভরে উঠেছে আগ্রহ, প্রত্যাশা আর শুভকামনায়। অনেকেই মনে করছেন, নাটক ও ফুটবলের এমন সমন্বয় বাংলাদেশি বিনোদন অঙ্গনে ভিন্ন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজনে আরও অভিনয় করছেন শিমুল শর্মা, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলু, লামিমা লামসহ আরও অনেকে।
ফুটবলের আবেগ, বন্ধুত্বের রসায়ন আর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চিরচেনা হাস্যরস—সব মিলিয়ে ১৩তম চ্যাপ্টার যে দর্শকদের জন্য বিশেষ এক বিনোদন উৎসব হয়ে উঠতে যাচ্ছে, সে আভাস ইতিমধ্যেই মিলতে শুরু করেছে।






















আপনার মতামত লিখুন :