
বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রকাশিত নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৯ জানুয়ারি ২০২৬ জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৩ সালের চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২৮টি শাখায় মোট ৩২ জন শিল্পী ও কলাকুশলী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন।
নতুন তালিকা অনুযায়ী, আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।
এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর যৌথ পুরস্কার পাচ্ছেন নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু।
২০২৩ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। একই চলচ্চিত্রের জন্য খন্দকার সুমন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কৃত হচ্ছেন।
অভিনয় বিভাগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন আফরান নিশো। অন্যদিকে ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) হয়েছেন আইনুন নাহার পুতুল।
পার্শ্ব চরিত্রে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য মনির আহাম্মেদ শাকিল শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য নাজিয়া হক অর্ষা শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।
খল চরিত্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য আশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শহীদুজ্জামান সেলিম পুরস্কার পাচ্ছেন।
সংশোধিত তালিকায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য এই স্বীকৃতি অর্জন করেন তারা।
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হয়েছেন ‘রক্তজবা’ চলচ্চিত্রের তাসনীমুল হাসান এবং শ্রেষ্ঠ কাহিনিকার নির্বাচিত হয়েছেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ফারুক হোসেন।
সংগীত বিভাগেও এসেছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ঈশ্বর’ গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি এবং শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ।
একই চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’র জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘এ গাঁ ছুঁয়ে বলো’ গানের জন্য অবন্তী দেব সিথি শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে স্বীকৃতি পেয়েছেন ইমন চৌধুরী।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে চলা বিতর্ক ও প্রশ্নের অবসান ঘটিয়ে সংশোধিত এই প্রজ্ঞাপন জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে নতুন করে গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতার আলোচনায় নিয়ে এসেছে।
ফলে দেশের চলচ্চিত্র অঙ্গনে বহুল আলোচিত ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনিশ্চয়তারও অবসান ঘটল।






















আপনার মতামত লিখুন :