
বিদ্যুতের প্রিপেইড মিটারে আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, বিএনপি সরকারের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে।
এর মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ সংযোগে মিটার ভাড়া ৪০ টাকা আদায় করা হতো। এসব চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল।
দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।
সংশ্লিষ্টদের মতে, চার্জ প্রত্যাহারের ফলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে এবং তারা আর্থিকভাবে উপকৃত হবেন।






















আপনার মতামত লিখুন :