চালক নবীকে কুপিয়ে রিকশা ছিনতাই, মোগলটুলিতে পুলিশের জালে ধরা রিগ্যান


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১:০৫ অপরাহ্ন /
চালক নবীকে কুপিয়ে রিকশা ছিনতাই, মোগলটুলিতে পুলিশের জালে ধরা রিগ্যান

বোয়ালখালীতে ব্যাটারিচালিত রিকশাচালক আবদুল নবীকে (৫০) কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত রিগ্যান বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে নগরীর মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো ধামাটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার রিগ্যান বিশ্বাস বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে।

স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক নিংওয়াই মারমা জানান, হামলার পর রিগ্যান বিশ্বাস চরণদ্বীপ এলাকায় ছিনতাই করা রিকশাটি ফেলে রেখে আত্মগোপনে চলে যায়।

ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততা নিশ্চিত হয় পুলিশ। এরপর তাকে গ্রেফতারে একাধিক টিম মাঠে নামে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মোগলটুলি এলাকায় ফাঁদ পাতে পুলিশ।

সেখান থেকেই রিগ্যান বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এক আত্মীয়ের বাসা থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো ধামা উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি রিগ্যান বিশ্বাসকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কধুরখীলের খোকার দোকান এলাকায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা ব্যাটারিচালিত রিকশাচালক আবদুল নবীকে কুপিয়ে তার রিকশা নিয়ে পালিয়ে যায় রিগ্যান।

এ ঘটনায় শুক্রবার আবদুল নবীর স্ত্রী রোজী আকতার বাদী হয়ে রিগ্যানকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

গুরুতর আহত আবদুল নবী বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।