নিরাপত্তার স্বার্থে চবিতে কড়াকড়ি, বহিরাগতদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন /
নিরাপত্তার স্বার্থে চবিতে কড়াকড়ি, বহিরাগতদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, খাবার সরবরাহকারী, অনলাইন শপিং পরিবহনসহ অন্যান্য সরকারি যানবাহনকে রাখা হয়েছে।

এর বাইরে অন্য কোনো যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র অথবা ব্যাংক স্লিপ সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রয়োজন হলে পরিচয় যাচাই করা যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, তাদের উত্তর ও দক্ষিণ ক্যাম্পাস-সংলগ্ন আবাসিক এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

প্রশাসনের ভাষ্য, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এসব নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন এ ব্যবস্থা কার্যকর হওয়ার পর ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তা জোরদারের এই পদক্ষেপকে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ করে রাতের সময়ে ফটক বন্ধ রাখা এবং বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণের ফলে ক্যাম্পাসে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।