ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর চালকের নিহত


Rajib Sen Prince প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ২:২৪ অপরাহ্ন /
ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর চালকের নিহত

একটি আনন্দমুখর বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের মালামাল নিয়ে যাচ্ছিল ওরা দুজন। একজনের বয়স ১৩, অন্যজনের ১৪।

যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল বই-খাতা, সেই বয়সে জীবিকার তাগিদে কিংবা পরিস্থিতির চাপে তারা বসেছিল ভারী একটি ট্রলির স্টিয়ারিংয়ে।

কিন্তু সেই যাত্রাই যে তাদের একজনের জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এমনই এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিনহাজ (১৩) নামে এক কিশোর চালক।

শুক্রবার উপজেলার লেলাং ইউনিয়নের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তার অপর সহযোগী সাইম (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের মালামাল বোঝাই করে ট্রলি নিয়ে রওনা হয়েছিল মিনহাজ ও সাইম।

কিন্তু নয়াহাট বাজার এলাকায় পৌঁছাতেই ঘটে বিপত্তি। হঠাৎ চলন্ত ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়।

মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় ট্রলিটি, আর তার নিচে চাপা পড়ে দুই কিশোরের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় মিনহাজ ও সাইমকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। অন্য আহত কিশোর সাইমকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায়, যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

একটি বিয়ের বাড়ির আলো ঝলমলে আনন্দের প্রস্তুতি নিমেষেই ম্লান হয়ে গেল একটি পরিবারের আজীবনের কান্নায়।

মিনহাজের এই অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে, সেই সাথে আবারও আঙুল তুলছে অপ্রাপ্তবয়স্ক চালকদের ঝুঁকিপূর্ণ শ্রমের দিকে।