শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য মাউশির জরুরি নির্দেশনা


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন /
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

এ জন্য সরকারি কলেজ ও সংশ্লিষ্ট দফতরগুলোকে আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মাউশির এইচআরএম ইউনিট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ৮ অক্টোবর ২০২৫ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করতে সাত ধরনের কাগজপত্র জমা দিতে হবে।

এর মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিপত্র, অর্থ মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ এবং ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের সম্মতিপত্র, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ, প্রধানমন্ত্রীর অনুমোদন, ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের পৃষ্ঠাঙ্কিত আদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের অনুলিপি।

এসব কাগজপত্রের হার্ডকপি মাউশির উপ-পরিচালক (এইচআরএম) বরাবর কক্ষ নম্বর ৫৩০ (প্রথম ব্লক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, ঢাকায় জমা দিতে হবে। পাশাপাশি স্ক্যান কপি নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানো না হলে সংশ্লিষ্ট সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।