বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কা, জীবনযুদ্ধে হার মানলেন বোয়ালখালীর মুছা


Rajib Sen Prince প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন /
বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কা, জীবনযুদ্ধে হার মানলেন বোয়ালখালীর মুছা

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. মুছা (৫২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর পূর্ব গোমদন্ডী লাল মিয়ার বাড়ির মৃত আল আমিনের ছেলে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে সড়ক পার হচ্ছিলেন মুছা। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরদিন আইসিইউ সাপোর্টের জন্য মুছাকে নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিনের লড়াই শেষে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে, প্রিয়জনকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা শেষ পর্যন্ত কেড়ে নিল ৫২ বছর বয়সী মুছার জীবন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নগরীর কোতোয়ালী থানার পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।