
হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় সাড়ে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত হালদা নদীর খলিফারগোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬টি অবৈধ চরগেরা জাল, ১টি ভাসা জাল এবং দুটি বড়শি জব্দ করা হয়।
সব মিলিয়ে জব্দ করা অবৈধ জালের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫’শ মিটার বলে জানিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী।
তিনি বলেন, হালদা নদীর খলিফারগোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান পরিচালনার সময় নদীর বিভিন্ন পয়েন্টে এসব অবৈধ জাল ও বড়শি পাওয়া যায়।
পরে সেগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
হালদা নদী শুধু কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্রই নয়, এটি মিঠা পানির মাছের অন্যতম গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।
ফলে নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং মা মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে অবৈধ ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মো. শওকত আলী বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্প জাতীয় মাছসহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে।
হালদা নদীর মৎস্যসম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষার পাশাপাশি অবৈধভাবে মা মাছ শিকার এবং ধ্বংসাত্মক জালের হাত থেকে মিঠা পানির প্রজননক্ষেত্র রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
হালদার স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















আপনার মতামত লিখুন :