আগামী ৫ মে থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়


Csp Admin প্রকাশের সময় : মে ২, ২০২৪, ৩:২২ অপরাহ্ন / ৬৮
আগামী ৫ মে থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

সিএসপি ডেস্ক:

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার (৫ মে) থেকে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি আরও জানান,  যেসব শর্তে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার কথা, সেসব শর্তেই বিদ্যালয়গুলো খুলবে।

বৃহস্পতিবার (২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে ২৮ এপ্রিল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হয় তখন ক্লাসের সময় কমিয়ে এনে কয়েকটি শর্তদিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়। পরের দিন সোমবার হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে মন্ত্রণালয় থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

রোববার স্কুল খোলার পর বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে

প্রথম শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

দ্বিতীয় শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় নিয়ে উপজেলাভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক্‌-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হযেছে।

সিএসপি/বিআরসি