উরুগুয়ে বিদায়, কেপ ভার্দের উৎসব-অভিষেক বিশ্বকাপেই নকআউট নিশ্চিত


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন /
উরুগুয়ে বিদায়, কেপ ভার্দের উৎসব-অভিষেক বিশ্বকাপেই নকআউট নিশ্চিত

মাত্র পাঁচ লাখের কিছু বেশি মানুষের দেশ। বিশ্বকাপের মতো মহারণ্যে প্রথমবারের মতো পা রাখা একটি দল। অথচ সেই দলই এখন ফুটবল বিশ্বের বিস্ময়ের নাম।

পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে অভিষেক বিশ্বকাপেই লিখেছে এক অনন্য রূপকথা।

গ্রুপ পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে, যেখানে তাদের অপেক্ষায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এইচ গ্রুপের শেষ ম্যাচের আগে সমীকরণ ছিল একেবারেই স্পষ্ট। স্পেনের বিপক্ষে উরুগুয়ের হার এবং সৌদি আরবের বিপক্ষে কেপ ভার্দের অন্তত একটি ড্র—এই দুই শর্ত পূরণ হলেই ইতিহাস গড়া সম্ভব ছিল। শেষ পর্যন্ত সেটিই ঘটেছে।

স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে।

দুই ফল মিলিয়েই গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।

তবে শুধু সমীকরণের সহায়তায় নয়, মাঠের খেলাতেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে কেপ ভার্দে।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচজুড়ে আক্রমণে বেশি ধার দেখিয়েছে তারাই। প্রথমার্ধে কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দলটি।

বিরতির পরও একই ছন্দে খেলে কেপ ভার্দে। গোলের জন্য একের পর এক চাপ সৃষ্টি করতে থাকে সৌদি রক্ষণে।

ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে লারোস দুয়ার্তে একক প্রচেষ্টায় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস।

এরপর আর কোনো দলই জালের দেখা পায়নি। শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কেপ ভার্দের খেলোয়াড়েরা।

কারণ গোলশূন্য ড্রই তাদের জন্য হয়ে এসেছে ঐতিহাসিক এক অর্জনের বার্তা।

এই সাফল্যের মাধ্যমে বিশ্বকাপে অভিষেক আসরে গ্রুপ পর্বে অপরাজিত থাকা তৃতীয় আফ্রিকান দলে পরিণত হয়েছে কেপ ভার্দে।

আরও বিস্ময়কর বিষয় হলো, অভিষেক বিশ্বকাপে তাদের সংগ্রহ মাত্র তিন পয়েন্ট হলেও সেটিই যথেষ্ট হয়েছে নকআউটে ওঠার জন্য।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে পরের পর্বে জায়গা করে নিয়েছে তারা।

এখন নতুন চ্যালেঞ্জের অপেক্ষা। সামনে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। কাগজে-কলমে শক্তির ব্যবধান আকাশ-পাতাল।

কিন্তু বিশ্বকাপের ইতিহাস বারবার শিখিয়েছে, রূপকথা কখনো হিসাব-নিকাশ মেনে চলে না।

আর সেই রূপকথার নতুন নাম এখন—কেপ ভার্দে।