কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করার দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা পরিবেশবাদীদের


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন / ০ Views
কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করার দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা পরিবেশবাদীদের

চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে চলমান হাইকোর্ট মামলায় সরকারি আইনজীবীদের ‘অসহযোগিতা’ ও দখলদারদের পক্ষে অবস্থানের অভিযোগ তুলে অবস্থান ধর্মঘট করেছে আটটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম মহানগরীর চেরাগি পাহাড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এই অবস্থান ধর্মঘটে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনসহ আটটি সংগঠন।

তিন দফা দাবি ঘোষণা:
ধর্মঘট চলাকালে বক্তারা কর্ণফুলী রক্ষায় তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে কর্ণফুলীতে সাম্পান ও জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১। হাইকোর্টে চলমান জনস্বার্থ মামলায় দখলদারদের পক্ষ নেওয়ার অভিযোগে ডিআইজি ও এআইজিকে প্রত্যাহার করতে হবে।

২। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত করতে হবে এবং ‘নদী জীবন্ত সত্তা’ ঘোষণার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৩। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কর্ণফুলী তীরের দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণ ও ব্যাপক পুনঃরোপণ নিশ্চিত করতে হবে।

বক্তাদের অভিযোগ ও বক্তব্য:
অবস্থান ধর্মঘটে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশ শাসনে স্বচ্ছতার অভাব রয়েছে।

তার দাবি, “যারা ক্ষমতায় আসে তারা দেশের সম্পদ লুটপাট করে। বর্তমান অব্যবস্থাপনা দূর করতে স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা প্রয়োজন।”

তিনি আরও অভিযোগ করেন, কর্ণফুলীর দখলদাররা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে সুবিধা নিচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন বলেন, “কর্ণফুলী দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হলেও সরকার ও প্রশাসনের উদাসীনতায় এটি বিপর্যয়ের মুখে।”

সাংবাদিক আলীউর রহমান অভিযোগ করেন, সরকারের পক্ষের আইনজীবীরা দখলদারদের স্বার্থে অবস্থান নিচ্ছেন, যা জনগণ প্রতিহত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাব চট্টগ্রাম মহানগর সহসভাপতি জানে আলম, কর্ণফুলী সুরক্ষা পরিষদের সভাপতি সাংবাদিক কামাল পারভেজ, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদুল করিম বাপ্পি, জাফর আহম, লোকমান দয়াল, আমির হোসেন, মোজাম্মেল হোসাইন, কোরবান আলী, সুমন রায় ও সমাজসেবক আরমান হোসেনসহ অনেকে।