মিরসরাই রিজার্ভ ফরেস্টে মাটি ধস: ১৩ বছরের সায়েমের মৃত্যু


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন / ০ Views
মিরসরাই রিজার্ভ ফরেস্টে মাটি ধস: ১৩ বছরের সায়েমের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে সায়েম চৌধুরী (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সোহেল রানা (১০) নামে আরও এক কিশোর আহত হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা বড়থলি এলাকার মৃত বশির আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, পাহাড় কাটার সময় হঠাৎ করে মাটি ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহদি হাসান বলেন, “রাতে পাহাড় কাটার কথা শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।

মূলত যারা রিজার্ভ ফরেস্টের জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নূর উদ্দিন ও মহিউদ্দিনের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি।”

অন্যদিকে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “মাটি চাপা পড়ে কিশোর মৃত্যুর ঘটনায় আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি।”

স্থানীয়দের অভিযোগ, রিজার্ভ ফরেস্ট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটা চললেও কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।