এমপি ও মন্ত্রিসভার শপথ সোমবার


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন /
এমপি ও মন্ত্রিসভার শপথ সোমবার

সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান।

জানা গেছে, সোমবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হবে।

তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিকে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠান খুব দেরি হলেও ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

প্রেস সচিব জানিয়েছেন, কাজ গত শুক্রবার থেকেই চলছে এবং প্রধান উপদেষ্টা, টিম ও ক্যাবিনেট সক্রিয়ভাবে এই প্রস্তুতিতে যুক্ত আছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় সেদিন। এর মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন।

১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দু’টি আসন।

এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।