হাটহাজারীতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো দুই বসতঘর, আহত ১


Csp Admin প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন / ৭৩
হাটহাজারীতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো দুই বসতঘর, আহত ১

হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে দুই পরিবার। এ ঘটনায় এক রিকশা চালকও আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৬ জুন) সকালের দিকে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মঙ্গলবার (২৫ জুন ) রাত সাড়ে এগারটার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ননা ঠাকুরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনারদিন রাতে রিকশায় করে ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে চুলায় গ্যাস সিলিন্ডার সংযোগ দেয়ার সময় আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

তবে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই বাড়ির সাংস্কৃতিক কর্মী অরবিন্দু চক্রবর্তী, অঞ্জন চক্রবর্তী, আশীষ চক্রবর্তী এবং কাঞ্চন চক্রবর্তীর আট কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসত ও রান্না ঘরসহ ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আশপাশের কয়েকটি ঘর আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়। এ ঘটনায় অন্তত ১৮/২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তার হোসেন খান সুমন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্তদের পরিষদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা করা হচ্ছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় ফায়ারকর্মীরা আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিএসপি/বিআরসি