পেকুয়ায় লবণ তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দু্ই শ্রমিকের


Csp Admin প্রকাশের সময় : মে ২, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন / ৬৯
পেকুয়ায় লবণ তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দু্ই শ্রমিকের

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ার মগনামা ও রাজাখালী ইউনিয়নে  বজ্রপাতে দিদারুল ইসলাম (৩০) ও মো. আরফাত (১২) নামে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) ভোররাত ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত দিদারুল ইসলাম মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে এবং আরফাত রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়ার জামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪ টার দিকে বৃষ্টি আসলে দুই শ্রমিক লবণ তুলতে মাঠে ছুটে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা একজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মগনামায় বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে মগনামা ইউপি সচিব আবদুর রাজ্জাক বলেন, মগনামা ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকায় দিদারুল ইসলাম নামে একজন বজ্রপাতে মারা গেছে। রাতে বৃষ্টি আসলে সে লবণ তুলতে মাঠে যায়। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে স্থানীয় গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদে তথ্য দেয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, ভোর ৫টায় রাজাখালী থেকে আরফাত (১২) নামে একজনকে পেকুয়া হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। সে বজ্রপাতে মৃত্যুবরণ করেছে।

সিএসপি/বিআরসি