এবার নির্বাচন পর্যবেক্ষণে দ. কোরিয়া যাচ্ছেন সিইসি


Csp Admin প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন / ৮৩
এবার নির্বাচন পর্যবেক্ষণে দ. কোরিয়া যাচ্ছেন সিইসি

সিএসপি ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী ৩ এপ্রিল দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে।

আগামী ৪ থেকে ১২ এপ্রিল সিইসি দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তার সঙ্গে থাকবেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন।

জানা গেছে, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) দেশটির ২২-তম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন দেখার জন্য আমন্ত্রণ জানানোয় তারা দেশটিতে যাচ্ছেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান ভাড়া, থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে এনইসি। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ৩ এপ্রিল তারা দক্ষিণ কোরিয়ার পথে রওয়ানা হবেন এবং ফিরবেন ১৩ এপ্রিল।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগেও দক্ষিণ কোরিয়ার নির্বাচন দেখতে যায় দেশটির নির্বাচন কমিশনের খরচে। এদেশের নির্বাচন দেখতেও এনইসিকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন দেখতেও গিয়েছিলেন সিইসি।

সিএসপি/বিআরসি