চট্টগ্রামসহ ৪ বিভাগে আসতে পারে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা


Csp Admin প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১:২৩ অপরাহ্ন / ৭৯
চট্টগ্রামসহ ৪ বিভাগে আসতে পারে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

সিএসপি ডেস্ক:

চট্টগ্রামসহ চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া তাপমাত্রা বাড়তে পারে বলেও জানায় সংস্থাটি।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামীকাল রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর আগামী সোমবার শুধু সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এই তিন দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, শনিবার দেশজড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল রোববার সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামী সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিএসপি/বিআরসি