শাহপরীর দ্বীপে ৭০ হাজার ইয়াবা জব্দ


Csp Admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন / ৬১
শাহপরীর দ্বীপে ৭০ হাজার ইয়াবা জব্দ

সিএসপি নিউজঃ

টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। তবে অভিযানে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমার হতে একটি মাদকের চালান টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ঝাউবনের মধ্যে ২জন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চ লাইট ও বাঁশি দিয়ে থামানোর সংকেত দেওয়া হলে তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাদা রং এর একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে। পরে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সিএসপি/বিআরসি