চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী


Rajib Sen Prince প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৩:২১ অপরাহ্ন / ০ Views
চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নেতৃত্বে আসছে নতুন মুখ। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বদলি ও পদায়ন করা হয়েছে একাধিক কর্মকর্তাকে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আবদুল কুদ্দুস চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) পদ থেকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পাশাপাশি পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, প্রজ্ঞাপনে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত ২৮ জুন জারি করা প্রজ্ঞাপনে ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এফডিএমএন) এপিবিএন কার্যালয়ে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে এই বদলি ও পদায়নের মধ্য দিয়ে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ রেঞ্জসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোতে নেতৃত্বে পরিবর্তন এলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।