সন্ধ্যায় নিখোঁজ, ৩ ঘণ্টা পর ডোবায় মিলল মরদেহ


Rajib Sen Prince প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ২:২৪ অপরাহ্ন /
সন্ধ্যায় নিখোঁজ, ৩ ঘণ্টা পর ডোবায় মিলল মরদেহ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে গিয়ে ডোবার পানিতে পড়ে জকিরাজ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মনসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকিরাজ খাতুন ওই এলাকার মৃত হাফেজার রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে বের হন বৃদ্ধা জকিরাজ খাতুন।

ধারণা করা হচ্ছে, লাকড়ি নিয়ে বাড়িতে ফেরার পথে অসাবধানতাবশত হোঁচট খেয়ে পাশের একটি ডোবায় পড়ে যান তিনি।

আগে থেকেই কিছুটা শারীরিকভাবে অসুস্থ থাকায় পানিতে পড়ে যাওয়ার পর আর উঠে আসতে পারেননি তিনি।

এদিকে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও জকিরাজ খাতুন বাড়িতে ফিরে না আসায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে তাঁকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পটিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ডোবায় উদ্ধার অভিযান শুরু করেন।

প্রায় তিন ঘণ্টার অনুসন্ধান শেষে রাত সাড়ে ৯টার দিকে ডোবার পানি থেকে জকিরাজ খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, বৃদ্ধা জকিরাজ খাতুনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।