
কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের তরুণ শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহি (২৩)।
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে কানাডায় পাড়ি জমানো এই তরুণের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে।
স্থানীয় সময় গত শুক্রবার ভোর রাত ১টা ৩২ মিনিটে সেন্ট জনস এলাকার মেয়র অ্যাভিনিউ ও নিউটাউন রোডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে।
রয়্যাল নিউফাউন্ডল্যান্ড কনস্ট্যাবুলারি (আরএনসি) সূত্রে জানা গেছে, চারজন আরোহী নিয়ে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি সড়কের পাশে থাকা বেলভেডিয়ার কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে গিয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। গাড়ির ভেতর থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. ইস্তিনাব মাহিকে মৃত ঘোষণা করেন।
মাহি চট্টগ্রামের মো. মোহিব উল্লাহ ও পারভিন আক্তার দম্পতির সন্তান। তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে উচ্চশিক্ষার জন্য কানাডায় গিয়ে ‘মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড’-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ন করছিলেন।
দুর্ঘটনায় আহত অন্য তিন আরোহী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তারা আশঙ্কামুক্ত।
স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনায় ভরা একটি জীবন এভাবে থেমে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন মাহির পরিচিতজনেরা।
এদিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মাহির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবারের সদস্যরা প্রিয় সন্তানের মরদেহ শেষবারের মতো দেখতে অপেক্ষা করছেন।
আর বন্ধু-সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করছেন হাসিখুশি, ভদ্র ও মেধাবী এই তরুণকে, যার ভবিষ্যৎ নিয়ে ছিল অসংখ্য স্বপ্ন।






















আপনার মতামত লিখুন :