মাকালুর চূড়ায় বাবর আলী, আট হাজারির পঞ্চম শিখর স্পর্শ


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১:২৮ অপরাহ্ন /
মাকালুর চূড়ায় বাবর আলী, আট হাজারির পঞ্চম শিখর স্পর্শ

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু জয় করেছেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ আরোহণের বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালুর চূড়ায় পৌঁছান বাবর।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স।

ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার Makalu Adventure–এর স্বত্বাধিকারী মোহন লামসাল–এর বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন। শিখরে ওঠার সময় বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা।

‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত মাকালু আরোহণের উদ্দেশ্যে গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি বিমানে নেপালের টুমলিংটার পৌঁছান।

সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে গিয়ে শুরু করেন পদযাত্রা। ১৮ এপ্রিল পৌঁছান উচ্চতর বেসক্যাম্পে।

উচ্চতার সঙ্গে শরীর মানিয়ে নিতে ২১ এপ্রিল ক্যাম্প-১ এবং পরদিন ক্যাম্প-২–এ রাত্রিযাপন করেন তিনি। এ সময় ৭ হাজার মিটার উচ্চতা স্পর্শ করে আবার বেসক্যাম্পে ফিরে আসেন।

দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল আবার ক্যাম্প-২ পর্যন্ত উঠে পরদিন নেমে আসেন। এরপর অপেক্ষা ছিল অনুকূল আবহাওয়ার।

আবহাওয়া অনুকূলে এলে ৩০ এপ্রিল সরাসরি ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২–এ ওঠেন বাবর। ১ মে পৌঁছান ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩–এ।

সেখান থেকে মধ্যরাতে শুরু হয় চূড়ান্ত শিখর অভিযান। একটানা ১ হাজার ১০০ মিটারের বেশি খাড়া ও ঝুঁকিপূর্ণ আরোহন শেষে শনিবার ভোরে মাকালুর শিখরে পৌঁছান তিনি।

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, বাবর শনিবার ক্যাম্প-২–এ নেমে আসবেন। সবকিছু অনুকূলে থাকলে রোববার বেসক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে।

২০১০ সালে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে ট্রেকিংয়ের মাধ্যমে বাবর আলীর অভিযাত্রা শুরু। ২০১৪ সাল থেকে তিনি নিয়মিত পর্বতারোহণে যুক্ত। ভার্টিক্যাল ড্রিমার্স–এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক তিনি।

২০১৭ সালে ভারতের Nehru Institute of Mountaineering থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নেন।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম জয় করেন বাবর। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে আরোহণ করেন।

একই অভিযানে দুটি আট-হাজারি শিখর জয়ের কৃতিত্বও বাংলাদেশের আর কোনো পর্বতারোহীর নেই।

২০২৫ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন মাউন্ট মানাসলু।

এটি ছিল অক্সিজেন ছাড়া কোনো বাংলাদেশির প্রথম আট-হাজারি শিখর জয়।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার মাকালু জয় করলেন বাবর আলী। আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ স্পর্শের স্বপ্নপূরণে এটি তাঁর পঞ্চম বড় সাফল্য।