২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘সেন্ট্রাল স্টার’


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন /
২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘সেন্ট্রাল স্টার’

মালয়েশিয়া থেকে আনা ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘সেন্ট্রাল স্টার’ নামের একটি ফুয়েল ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বুধবার রাতে জাহাজটি বন্দরে এসে নোঙর করে।

জানা গেছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমটি ‘সেন্ট্রাল স্টার’ সরাসরি মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে। বর্তমানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজে অবস্থান করছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, জাহাজটিতে মোট ২৬ হাজার টন অকটেন রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলের মধ্যে এটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়ার কথা রয়েছে। সেখানে জাহাজ থেকে অকটেন খালাস করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে বন্দরে জ্বালানি তেল ও গ্যাসবাহী মোট ৩৩টি জাহাজ নোঙর করে।

এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ৮টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ৯টি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস করা হয়েছে এবং পাইপলাইনে আরও কয়েকটি জাহাজ রয়েছে।