তেলের বড় চালান নিয়ে একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন /
তেলের বড় চালান নিয়ে একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে

দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মালয়েশিয়া থেকে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে দুটি জাহাজ।

মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে আগামীকাল ৮ এপ্রিল বুধবার এই জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজে প্রায় ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন বহন করছে, যা ৮ এপ্রিল রাতে বহির্নোঙরে পৌঁছাবে।

অন্যদিকে, একই দিনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সংস্থাটি সক্রিয় রয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জ্বালানি আমদানি করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, সরবরাহ চেইন সচল রাখতে ধারাবাহিকভাবে তেলের জাহাজ আসছে।

পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে।

এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিশাল চালানের ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদাপূরণ এবং পরিবহন ও বিদ্যুৎ খাতের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে।

সরকারের এই নিয়মিত তদারকি ও আগাম আমদানির ফলে বাজারে জ্বালানি সংকটের কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল থাকবে।