হলিউড অভিনেতা এরিক ডেন মারা গেছেন


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন /
হলিউড অভিনেতা এরিক ডেন মারা গেছেন

হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন আর নেই। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক একটি স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন।

এরিক ডেনের প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে জানান, অভিনেতা তার শেষ সময়টুকু পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।

গত বছর তিনি প্রথম তার এই বিরল রোগের কথা সবাইকে জানান। এই রোগের কারণে তিনি তার ডান হাতের কর্মক্ষমতা হারিয়েছিলেন।

মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি একটি সম্মাননা অনুষ্ঠান থেকেও সরে দাঁড়িয়েছিলেন।

অসুস্থ হওয়ার পর থেকেই এরিক এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গবেষণার কাজে নিজেকে যুক্ত করেছিলেন।

তিনি মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। এ ছাড়া ‘ইউফোরিয়া’ সিরিজে তার ক্যাল জ্যাকবস চরিত্রটিও ব্যাপক প্রশংসিত হয়।

কাকতালীয়ভাবে, তার শেষ কাজগুলোর একটিতে তিনি এএলএস আক্রান্ত একজন অগ্নিনির্বাপক কর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। সূত্র : এনডিটিভি