
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া বইবে।
তিনি আরও বলেন, গুম ও হত্যার সঙ্গে যেসব ব্যক্তি বা দল জড়িত, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
‘না ভোট’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকেন, সেক্ষেত্রে সেখানে ‘না ভোট’ হবে—এটি আরপিওতে (RPO) স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না।
আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।
শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।






















আপনার মতামত লিখুন :