মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ


Csp Admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন /
মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ

না ফেরার দেশে চলে গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮।

অভিনেতার পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল ভারতীয় গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।

এছাড়াও ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও শোক প্রকাশ করে অভিনেতার মৃত্যুর জানানো হয়েছে।

জানা গেছে, বুধবার, সন্ধ্যার আগে মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘ দিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু মাসকয়েক আগে আবার তার অবস্থার অবনতি হয়।

গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু আর শেষ রক্ষা হয়নি।

বিআর চোপড়ার ‘মহাভারত’ বিশেষ খ্যাতি এনে দিলেও অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ধীর। কাজ করেছেন হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও।

এছাড়া ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গেছে তাকে।

প্রায় ৫৫ বছরের অভিনয়জীবনে তিনি দুটি ছবি পরিচালনাও করেছিলেন। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামে এক ধারাবাহিকে অভিনয় করতেন তিনি।পঙ্কজ ধীরের স্ত্রী অনিতা ধীর একজন কস্টিউম ডিজাইনার।

তাদের ছেলে নিকিতিন ধীর অভিনেতা, যিনি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘যোধা আকবর’ এবং ‘সূর্যবংশী’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।