কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ২সহ আহত ৫


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন /
কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ২সহ আহত ৫

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।

আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মহিউদ্দিন ও রণি নামে দুই স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তাঁর সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন।

হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।