চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–এর অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামি গ্রেপ্তার


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন /
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–এর অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে এসআই মো. আসাদুজ্জামান, এসআই নাঈমুর রহমান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই হেলাল হোসেন ও এএসআই মঈনুল হাসান মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে দায়রা-৫৪৭৬/১৯ ও সিআর-৫৬৯/১৮ মামলায় নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালীর ব্যাটারী গলির মৃত খুইল্লা মিয়ার ছেলে।

এ ছাড়া সিআর-১১১৮/২২ নম্বর মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাহমিদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এবং খাতুনগঞ্জের নবী সুপার মার্কেট এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, দায়রা-১৩৯৭/২৪ ও সিআর-৯৫৪/২৩ মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারার সাজা ওয়ারেন্টভুক্ত আসামি সাধন চন্দ্র মজুমদারকে জুবিলী রোড এলাকার চৌধুরী মেশিনারী মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে দায়রা-৫৬৭/২৪ ও সিআর-২৬১৫/২৩ মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামি দিলদার হোসেনকে পাথরঘাটা এলাকার ইকবাল রোড থেকে আটক করা হয়।

অভিযানে আরও গ্রেপ্তার হন দায়রা-১৪১৩৬/২৪ ও সিআর-৮০২/২৩ মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মহিদুল ইসলাম। তাঁর বাড়ি আসকারদিঘীর দক্ষিণ পাড়ের জামালখান লেইন এলাকায়।

গ্রেপ্তার আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।