
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরার অভিযোগে কক্সবাজারের টেকনাফে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৪ মে) দিনব্যাপী টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের বিসিজি স্টেশন টেকনাফ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সাবরাং ইউনিয়নের বিভিন্ন মাছঘাটে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও টেকসই আহরণ নিশ্চিত করতে সরকার প্রতি বছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সব ধরনের মৎস্য নৌযানের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত অভিযানে জব্দ করা কারেন্ট জালগুলো পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল আলম বলেন, মৎস্য সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে সাবরাং কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






















আপনার মতামত লিখুন :