হত্যা-ডাকাতিসহ ২২ মামলার আসামি ধরা পড়লেন বাকলিয়ায়


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন /
হত্যা-ডাকাতিসহ ২২ মামলার আসামি ধরা পড়লেন বাকলিয়ায়

চট্টগ্রাম নগরে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ ২২টি মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজল (৪৭) গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (৪ মে) রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

গ্রেপ্তার ডিপজল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়ার মৃত ফরিদ শাহের ছেলে। তিনি নগরের বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, সোমবার রাতে বাকলিয়ার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সাত্তার শাহ ওরফে ডিপজলকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, হত্যা, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, কোতোয়ালি, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় ডাকাতি, ছিনতাই, হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।