চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা–সিলেটসহ ২০ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১:০৪ অপরাহ্ন /
চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা–সিলেটসহ ২০ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা

চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের ২০টি জেলার ওপর দিয়ে আজ শনিবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ পূর্বাভাস প্রকাশ করে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার রাতে প্রকাশিত আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।