
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে অকটেন খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান। এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।
সব মিলিয়ে এপ্রিল মাসে তিন চালানে এসেছে ৭৯ হাজার টন অকটেন।
দেশে দৈনিক অকটেনের চাহিদা প্রায় ১ হাজার ২০০ টন। সে হিসাবে, এ মাসে আমদানি হওয়া অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় চাহিদা পূরণ করা সম্ভব হবে।
নজরুল ইসলাম আরও জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে।
এর বাইরে বুধবার তিনটি জাহাজ ডলফিন জেটিতে ভিড়ে তেল খালাস শুরু করেছে।
তবে জাহাজ খালাসে কিছুটা চাপ রয়েছে। বন্দরে ডলফিন জেটি রয়েছে মাত্র তিনটি।
ফলে চাইলেও সব জাহাজকে একসঙ্গে জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। এর সঙ্গে প্রতিকূল আবহাওয়াও খালাস কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে।






















আপনার মতামত লিখুন :