হার থেকে ঘুরে দাঁড়ানো: নিউজিল্যান্ডকে উড়িয়ে সমতায় বাংলাদেশ


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন /
হার থেকে ঘুরে দাঁড়ানো: নিউজিল্যান্ডকে উড়িয়ে সমতায় বাংলাদেশ

সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করে টাইগাররা।

এর আগে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। সেই চাপে দারুণভাবে সাড়া দিয়েছে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু শুরু থেকেই বাংলাদেশি পেসারদের তোপে চাপে পড়ে সফরকারীরা।

বিশেষ করে নাহিদ রানার গতির ঝড়ে একপ্রকার বিধ্বস্ত হয়ে যায় কিউই ব্যাটিং লাইনআপ। ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি। তবে তাকে ছাড়া অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট নেন নাহিদ রানা। শরিফুল ইসলাম সমান ৩২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ৮ রান করে ফেরেন, একই রান করেন তিন নম্বরে নামা সৌম্য সরকার।

এরপর দলের হাল ধরেন তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা গড়েন ১১০ বলে ১২০ রানের দারুণ জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দলীয় ১৪১ রানে আউট হন তানজিদ হাসান তামিম। ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।

তানজিদের বিদায়ের পর দ্রুতই ফিরে যান উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। ক্যারিয়ারের শততম ম্যাচে ১১ বলে মাত্র ৭ রান করতে পারেন তিনি।

অন্যদিকে ৭১ বলে ৫০ রান করার পর আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। তার ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।

শেষদিকে তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিলে সহজেই ম্যাচ শেষ করেন। ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

তাওহীদ হৃদয় ৩১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন, আর মিরাজ করেন ২৫ বলে ৮ রান।

এই জয়ে সিরিজে সমতা ফেরানোয় শেষ ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।