সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৭:২০ অপরাহ্ন /
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘ইউয়ান জিং হে’ নামের তেলবাহী জাহাজ।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে জাহাজটি বন্দরের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। বর্তমানে জাহাজটি পদ্মা অয়েল কোম্পানির জেটিতে ডিজেল খালাস করছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান। তিনি জানান, আজ রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভিড়বে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ইউয়ান জিং হে’ নামের জাহাজটি শুক্রবার ভোরে বহির্নোঙরে এসে পৌঁছেছে। এটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিং করেছে।

তাছাড়া রাতে মালয়েশিয়া থেকে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে আরেক একটি জাহাজ শনিবার আসার কথা রয়েছে বলেও জানান সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চে জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ ভিড়েছিল বন্দরে।

এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি জাহাজ এলএনজি নিয়ে ও নয়টি জাহাজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে এসেছিল।