রেকর্ড মূল্যে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬, ২:০৫ অপরাহ্ন /
রেকর্ড মূল্যে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ইতিহাসের সর্বোচ্চ মূল্যের সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে টুর্নামেন্ট আয়োজকরা।

২০২৬ থেকে ২০২৯ পর্যন্ত চার আসরের জন্য মোট ২ হাজার ৬১১ কোটি রুপিতে টিভি ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ওয়ালি টেকনোলজিস।

আগামী মার্চে শুরু হতে যাওয়া ২০২৬ মৌসুম থেকেই কার্যকর হবে নতুন চুক্তি। এবার থেকে টিভি ও ডিজিটাল- দুই প্ল্যাটফর্মেই স্বত্ব থাকবে ওয়ালির হাতে।

এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়ালি একই সঙ্গে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গেও যুক্ত।

চুক্তির মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ ম্যাচসংখ্যা বৃদ্ধি। ছয় থেকে আট দলে পরিণত হওয়ায় ম্যাচ বেড়ে ৩৪ থেকে ৪৪টি হয়েছে।

তবে শুধু ম্যাচ বাড়াই নয়, প্রতি ম্যাচের গড় মূল্যও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

এর আগের চক্রে যেখানে প্রতি ম্যাচের মূল্য ছিল ১২ কোটি ২০ লাখ রুপি। এবার সেটি ২১ শতাংস বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে ১৪ কোটি ৮০ লাখ রুপিতে।

এর আগে চলতি বছরের নিলামেও তিনটি নতুন দলের মূল্য ছিল আকাশছোঁয়া। মুলতান সুলতানস- যা এখন ‘পিন্ডি’ নামে পরিচিত, ১০ বছরের জন্য বছরে ২৪৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেন, ‘এটি শুধু পিএসএল নয়, পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি।

পিএসএলের বাণিজ্যিক সম্পদের মূল্য যে হারে বেড়েছে, তা লিগের বিশ্বাসযোগ্যতার ও বিশ্বমানের অবস্থানের প্রতিফলন।

২০২৬ থেকে ২০২৯- চার বছরের সম্প্রচার স্বত্ব বিক্রিতে আমরা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছি।’

তিনি আরও জানান, টিভি ও লাইভ-স্ট্রিমিং স্বত্ব একই কাঠামোয় আনার ফলে দর্শকেরা একাধিক প্ল্যাটফর্মে আরও আধুনিক অভিজ্ঞতা পাবেন; যেখানে সময়ের সঙ্গে যুক্ত হবে নতুন প্রযুক্তি।

পিএসএলের আগামী মৌসুম শুরু হবে ২৬ মার্চ, ফাইনাল ৩ মে।