নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩


Rajib Sen Prince প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তিনজনই রোহিঙ্গা বলে জানা গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মো. সাইফুর আলম (১৯), মো. আব্দুল হায়াত (১৮) ও মো. আল কামাল (২১)। তিনজনই এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক-৪ এর বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায়।

এ সময় তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি কর্তৃক আটক আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বৃদ্ধি পেয়েছে।