
রাজনীতি ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান প্রথম ভোটার। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।
সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।
এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৩ জন এবং নারী প্রার্থী ৮৩ জন।
নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।






















আপনার মতামত লিখুন :