মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


Csp Admin প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৪:১০ অপরাহ্ন /
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই আলী হোসেনকে ওচমানপুর এলাকা থেকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা ইস্যু নিয়ে বড় ভাই আলী হাসানের সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে।

সবশেষ শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এটি নিয়ে দুই ভাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম।

তিনি বলেন, খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।