চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ: মাইক্রোসফ্ট


Csp Admin প্রকাশের সময় : মে ৩, ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন / ৩১
চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ: মাইক্রোসফ্ট

আসছে ৫ মে থেকে জনপ্রিয় ভিডিও কলিং ও বার্তাবিনিময় প্ল্যাটফর্ম স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফ্ট তাদের সহায়তা ওয়েবসাইটে এক ঘোষণায় জানিয়েছে, এই তারিখ থেকে স্কাইপ ব্যবহারকারীরা আর সেবাটি ব্যবহার করতে পারবেন না।

মাইক্রোসফ্ট জানিয়েছে, প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হলেও ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও পরিষেবাগুলো স্থানান্তর করা হবে তাদেরই আরেক প্ল্যাটফর্ম মাইক্রোসফ্ট টিমসে।

এই পরিবর্তনটি সম্পূর্ণ বিনামূল্যে, এবং এটি অর্থপ্রদানকারী ও বিনামূল্যে ব্যবহারকারী উভয়কেই প্রভাবিত করবে।

তবে কোম্পানি স্পষ্ট করেছে, ‘স্কাইপ ফর বিজনেস’ ব্যবহারকারীরা এই পরিবর্তনের আওতায় পড়বেন না, অর্থাৎ এ সেবা চালু থাকবে আগের মতোই।

স্কাইপ ২০০৩ সালে যাত্রা শুরু করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। ভিডিও কলিং ও চ্যাটিংয়ের সহজ সমাধান হিসেবে এটি দ্রুত স্থান করে নেয়।

২০১১ সালে মাইক্রোসফ্ট প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারে স্কাইপ অধিগ্রহণ করে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে টিমস, জুম এবং গুগল মিটের মতো আধুনিক প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ায় স্কাইপের ব্যবহার কমে আসে।

ফলে একীভূত প্রযুক্তির পথে হাঁটতে গিয়েই মাইক্রোসফ্ট স্কাইপকে টিমসের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ব্যবহারকারীদের আগামী ৫ মে’র মধ্যে স্কাইপ থেকে টিমসে সরে আসার পরামর্শ দিয়েছে মাইক্রোসফ্ট, যাতে পরিষেবা ব্যবহারে কোনো বিঘ্ন না ঘটে।