কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে এলো তরুণীর লাশ


Csp Admin প্রকাশের সময় : মে ২৩, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন / ৬৬
কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে এলো তরুণীর লাশ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের কলাতলী পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত এক তরুণীর লাশ।

বুধবার (২২ মে) রাত ৯টার দিকে মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণীর নাম-পরিচয় জানা না গেলেও তার বয়স ১৮ থেকে ২০ বছর বলে ধারণা করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে এক তরুণীর মরদেহ ভাসতে দেখে এক শিশু। পরে সে বিষয়টি সবাইকে জানায়। এ সময় স্থানীয় নুরুল আলম নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহত তরুণীর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তার কপালের ডান পাশে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেলেও তা অনেক আগের। তার মাথায় খাটো চুল রয়েছে। পরনে ছিল থ্রি পিস। এটি হত্যা নাকি কোন দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সিএসপি/বিআরসি