ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ঈদগাহ, থাকবে দুই জামাত


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন / ০ Views
ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ঈদগাহ, থাকবে দুই জামাত

চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত উপলক্ষে নগরের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মুসল্লিদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মেয়র জানান, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিচে কার্পেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্ভাব্য বৃষ্টির কথা বিবেচনায় রেখে প্যান্ডেলের ওপরে টারপলিন দেওয়া হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়াতেও জামাতে কোনো বিঘ্ন না ঘটে।

তিনি বলেন, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রায় ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা ও ৭০টি মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা হচ্ছে ৩০টি সিসিটিভি ক্যামেরা।

চসিক সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় জামাতে প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে।

অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

মেয়র বলেন, বৃষ্টির কারণে মাঠে নামাজ আদায় সম্ভব না হলে মসজিদের ভেতরে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

চসিকের তত্ত্বাবধানে আয়োজিত প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এ ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও নয়টি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হলো—লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন)।

চসিকের পক্ষ থেকে নগরবাসীকে নির্ধারিত সময়ে ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান মেয়র।

একই সঙ্গে কোরবানির আত্মত্যাগের শিক্ষা ধারণ করে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী ফখরুল ইসলাম, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদসহ চসিকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতারা।