আমানত ফেরত ও ‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে খাতুনগঞ্জে গ্রাহকদের বিক্ষোভ


Rajib Sen Prince প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন /
আমানত ফেরত ও ‘হেয়ারকাট’ বাতিলের দাবিতে খাতুনগঞ্জে গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রামের খাতুনগঞ্জে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা আমানত ফেরত এবং আমানতের মুনাফা কর্তনের ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।

আজ রোববার সকাল ১১টার দিকে খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের একটি শাখার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকেরা বলেন, তাঁদের আমানতের ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে।

একই সঙ্গে নির্দিষ্ট মেয়াদ শেষে কিংবা জরুরি প্রয়োজনে আমানতের পুরো অর্থ ফেরত দিতে হবে। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন দ্রুত চালু করারও দাবি জানান তাঁরা।

বিক্ষোভ চলাকালে গ্রাহকেরা দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। অন্যথায় প্রয়োজনে চট্টগ্রামের সব ব্যাংকে তালা দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

গ্রাহকদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।

নানা অজুহাতে ব্যাংকগুলো আমানতের অর্থ ফেরত দিচ্ছে না। এতে তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভকারীদের ভাষ্য, একীভূতকরণের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় চরম অস্থিরতা তৈরি হয়েছে।

এর প্রভাব সরাসরি পড়ছে গ্রাহকসেবায়। তাঁরা দ্রুত এ সংকটের সমাধান এবং গ্রাহকের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।