
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুটখালী ব্রিজ সংলগ্ন জান্নাত এগ্রো ফার্মের সামনে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর এলাকার জাহেদুল ইসলাম (২৪) ও মো. ইউনুছ (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি করা হয়।
পরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট জোরদার করা হয়েছিল।
তল্লাশির সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।






















আপনার মতামত লিখুন :