
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টা পর্যন্ত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ি ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পুইছড়ি পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ব্যবহৃত ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বালু বহনকারী একটি ট্রাক জব্দ করতে সক্ষম হয় প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, ‘দীর্ঘদিন ধরে এ এলাকায় বালু উত্তোলনের অভিযোগ ছিল। সোমবার রাতে অভিযান পরিচালনা করা হলে উত্তোলনকারীরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। তবে একটি ট্রাক জব্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, জব্দ করা মিনি ডাম্পার ট্রাকটি মোহাম্মদ বাবুলের জিম্মায় দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং ঝুঁকিতে পড়ছে আশপাশের বসতি ও পাহাড়ি ভূপ্রকৃতি।
তারা এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছেন।






















আপনার মতামত লিখুন :